ফার্মাসিস্টদের আপগ্রেডশনের কোর্স চালু হতে চলেছে ভারত টেকনোলজিতে
পশ্চিমবঙ্গে প্রথম ব্যাচেলর ইন ফার্মাসি প্রাকটিস কোর্স চালু হতে চলেছে ভারত টেকনোলজি উলুবেড়িয়াতে। হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ফার্মাসিস্টসদের আপগ্রেডেশনের লক্ষ্যে এবং হাসপাতালে আরো উন্নত ফার্মাসিউটিক্যাল পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে চালু হতে চলেছে এই কোর্স। এই ব্যাপারে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিপ্লব দেবনাথ বলেন, এই কলেজ পশ্চিমবঙ্গে প্রথম ব্যাচেলর ইন ফার্মাসি প্র্যাক্টিস কোর্স খুলবে। এই কোর্সটির জন্য তারাই যোগ্য যাদের ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স এবং ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা আছে (সরকারি ও বেসরকারি হাসপাতালে বা কমিউনিটি ফার্মাসিতে)। "ব্যাচেলর ইন ফার্মাসি প্র্যাক্টিস রেগুলেশন ২০১৪" অনুযায়ী এটি একটি আপগ্রেডেশন কোর্স এবং সাপ্তাহিক ১০ ঘন্টা ক্লাস করতে হবে এই কোর্সটির জন্য। আবেদনকারীদের তাদের সংশ্লিষ্ট দপ্তর এবং কাজের জায়গা থেকে "নো অবজেকশন সার্টিফিকেট" নিয়ে আবেদন করতে হবে। ৪০ জন এই কোর্স এ ভর্তি হতে পারবে। এছাড়াও উনি বলেন সিনিয়রিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এটি একটি ক্লিনিক্যাল ফার্মাসি নির্ভর কোর্স যার মাধ্যমে ওষুধের অযৌক্তিক ব্যবহার কমানো সম্ভব হবে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রোগ্রেসিভ ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দীপক বন্দ্যোপাধ্যায় জানান, কোভিড-১৯ এর খারাপ সময় চলছে তার মধ্যে নববর্ষে এই একটা ভালো খবর পেলাম। গত দু বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছি, বারবার মিটিং করেছি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্যের সাথে, ধন্যবাদ জানাচ্ছি ভারত টেকনোলজিকে আমাদের কথা অনুযায়ী এই কোর্সটি চালু করতে সচেষ্ট হওয়ার জন্য। "ফার্মাসি প্র্যাক্টিস রেগুলেশন ২০১৫" অনুযায়ী একজন ফার্মাসিস্ট শুধুমাত্র ডিসপেন্সিং ও স্টোর ম্যানেজমেন্টে সীমাবদ্ধ থাকবেনা, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন এসেসমেন্ট করতে হবে, এসেসমেন্ট করে পেশেন্ট কাউন্সেলিং করতে হবে এবং ওষুধের যৌক্তিক ব্যবহার যাতে হয় সেটা তুলে ধরতে হবে। তার সাথে হাসপাতালের ইন্ডোরে যে সকল রোগী ভর্তি হয় তাদের "মেডিকেশন মনিটর" করতে হবে। আগামী দিনে পেশার স্বার্থে ডিপ্লোমা ফার্মাসিস্টসদের আপগ্রেডেশনের লক্ষ্যে পশ্চিমবাংলার সব কলেজকে এগিয়ে আসতে অনুরোধ করছি বি ফার্ম প্রাকটিস কোর্স খোলার জন্য।
ইন্ডিয়ান ফার্মাসিউটিকাল এসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের সভাপতি প্রবীর ব্যানার্জী বলেন ভারত টেকনোলজিকে ধন্যবাদ এই কোর্সটি চালু করার জন্য। যে সকল ডিপ্লোমা ফার্মাসিস্টস রা সরকারি বা বেসরকারি চাকরি করতেন কিন্তু তাদের উচ্চ শিক্ষার সুযোগ ছিলো না সেই সুযোগটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ভারত টেকনোলজি করে দিয়েছে তার জন্য আমরা খুব আনন্দিত। যারা সরকারি এবং বেসরকারিতে চাকরিরত অবস্থায় ফার্মাসিস্টস হিসেবে কাজ করছেন তারা নির্দিষ্ট অভিজ্ঞতা অনুযায়ী এই শিক্ষা নেবার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। "ব্যাচেলর অফ ফার্মাসি প্র্যাক্টিস রেগুলেশন ২০১৪" অনুযায়ী, আশা করি সমস্ত ডিপ্লোমা ফার্মাসিস্টসরা আগামীদিনে এই কোর্সটির মাধ্যমে নিজেকে আপগ্রেড করার সুযোগ পাবে এবং স্বাস্থ্য দফতর ফার্মাসিস্টদের থেকে আরো উন্নত পরিষেবা পাবে। আমরা অনেকদিন ধরে এই কোর্সটি খোলার জন্য সচেষ্ট ছিলাম, এটা হওয়ায় আমরা আনন্দিত।

Comments
Post a Comment